আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক বণ্টন অনুযায়ী, ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র জোট ১টি আসনে পেতে পারে। আজ সোমবার কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা হয়।
সভাশেষে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হবে। ভোট হবে ১২ মে। রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচন কমিশন সচিবালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই এবং প্রত্যাহারের শেষ সময় তফসিলের সময় জানিয়ে দেওয়া হবে। বিদ্যমান আইন অনুযায়ী, ভোটে জয়ী দলগুলোর আসনসংখ্যার অনুপাতে সংসদে নারী আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিয়ে থাকেন।
সাধারণত দলগুলো যাঁদের প্রার্থী করেন, তাঁরাই নারী সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসন পেয়েছে ২০৯টি। দলটির শরিক গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে। অপরদিকে ৬৮টি আসনে জয়ী হয়ে জামায়াতে ইসলামী বসছে বিরোধী দলে। ভোটে তাদের জোটের শরিক এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিস পেয়েছে একটি আসন। দুই জোটের বাইরে ইসলামি আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে একটি। সাতটি আসনে স্বতন্ত্ররা জয়ী হয়েছেন। ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি নির্বাচিতদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের ভোটের বাধ্যবাধকতা রয়েছে।
বিদ্যমান আইন অনুযায়ী, ভোটে জয়ী দলগুলোর আসনসংখ্যার অনুপাতে সংসদে নারী আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী দল ও স্বতন্ত্র প্রার্থীদের জোট করার বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। দল ও জোটগতভাবে সংরক্ষিত আসনসংখ্যা চূড়ান্তের পর তফসিল হলো।