ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি বলেছেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা খুবই প্রয়োজন। খেলাধুলা আমাদের শরীরকে ভালো রাখে, মনকে উৎফুল্ল রাখে এবং সুশৃঙ্খল হওয়া শেখায়, নেতৃত্ব দানকরা শেখায়। খেলাধুলার মাধ্যমে আমরা সুন্দর একটি প্রতিযোগিতা পেয়ে থাকি, এখানে জয়ী হলে আমরা আনন্দ উপভোগ করি এবং জয়ী যদি নাও হতে পারি আমরা কিন্তু সকলেই অংশগ্রহণ করি এবং খুশিমনে সেটি সকলেই মেনেনেই। এটাই হচ্ছে আমাদের সকলের জীবনের আসল শিক্ষা। খেলাধুলার মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম সমাজের বিভিন্নস্তরে অবদান রাখবে এবং দেশের জন্য সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সহিত কাজ করবে এবং তোমাদের হাতে আগামীতে নেতৃত্ব থাকবে।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির (উপ-অঞ্চল) ময়মনসিংহের আয়োজনে ৫৪তম শীতকালীন খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, জয় পরাজয় থাকবে কিন্তু আমরা সবাই মিলে এগিয়ে যাবো, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। আমরা কেউ ভালো খেলোয়াড়, ভালো শিক্ষক, শিল্পি, ধর্মীয় শিক্ষক, কেউ ধর্মীয়গুরু হবো। খেলাধুলায় নৈপুণ্য দেখিয়ে এই বাংলাদেশকে একদিন উন্নত, স্বনির্ভর একটি বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করবে। এটা আমি বিশ্বাস করি এবং তোমাদের মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হবে এটা আমি আশা করি। আমি তোমাদের দিনব্যাপী এই প্রতিযোগিতার সাফল্য কামনা করছি এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
উদ্বোধন পূর্বে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়ানোর মাধ্যমে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ময়মনসিংহ উপ-অঞ্চলের
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহাঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ময়মনসিংহ উপ-অঞ্চলের সম্পাদক ও জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার ও গভঃ ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুস ছাবুর, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আল আমিনসহ অন্যান্য জেলার ক্রীড়া অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষীকা, শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, অভিভাবক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ৪৪ টি ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ময়মনসিংহ উপ-অঞ্চল থেকে বিজয়ীরা ২০ ও ২১ জানুয়ারি পরবর্তীতে ঢাকায় পদ্য অঞ্চলে অংশগ্রহণ করবে।