ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাকবিতণ্ডা এক পর্যায়ে পাম্প শ্রমিকদের পিটুনিতে নিরব হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের বকুলতলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করেছে র্যাব-৬।
ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানায়, শহরের তাজ ফিলিং স্টেশনে রাতে মোটরসাইকেলে তেল নিতে যায় নিরব হোসেন। তখন পাম্প শ্রমিকরা বলে তেল নেই পাম্প বন্ধ আছে। পরে অন্য পাম্পে গিয়ে তেল না পেয়ে তারা ফেরার সময় দেখে ওই পাম্পে বোতলে তেল দেয়া হচ্ছে।
তখন তারা শ্রমিকদের বলে আপনারা আমাদের তেল দিলেন না, এখন আবার বিক্রি করছেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পাম্প শ্রমিকরা নিরব হোসেনকে মারপিট করে। তখন সে বাসায় ফিরে গিয়ে অসুস্থ বোধ করলে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী পাল সুমন বলেন, নিহতের শরীরে কয়েকটি আঘাতের ক্ষত আছে। হতে পারে ওই আঘাতে অভ্যন্তরীণ কোনও কারণে তার মৃত্যু হয়েছে।