প্রায় তিন বছরের বিরতির পর গত বছরের শেষ দিকে সিনেমার শুটিংয়ে ফেরেন অপু বিশ্বাস। এবার তিনি যুক্ত হলেন ওয়েব কনটেন্টে। সম্প্রতি এই অভিনেত্রী নাম লেখালেন কামরুজ্জামান রোমানের ‘শিকার’ নামের ওয়েব ফিল্মে। এর আগেও ‘ছায়াবাজি’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন অপু, সৈয়দ শাকিল পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২৩ সালে।
পরিচালক কামরুজ্জামান রোমান জানান, সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে তৈরি হবে থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্ম। তাতে অপু বিশ্বাসকে দেখা যাবে গ্ল্যামারাস একটি চরিত্রে। পরিচালক বলেন, ‘গল্পই এই সিনেমার মূল আকর্ষণ। ইতিমধ্যে কলাকুশলীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। আশা করছি দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব।’
শিকার ওয়েব ফিল্মে অপু বিশ্বাসের সঙ্গে দেখা যাবে ছোট পর্দার অভিনেতা পলাশকে। নির্মাতা জানান, নাটকে পলাশের অভিনয় দেখে এই সিনেমায় তাঁকে যুক্ত করা হয়েছে। শিকার ওয়েব ফিল্মের গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। অভিনয়ে আরও আছেন রাশেদ মামুন অপু, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।