দেশের বাজারে সোনার দামে বড় পতন হয়েছে। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা কমানো হয়েছে। ফলে এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। আজ শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শুক্রবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২৫ মার্চ সকালে দেশের বাজারে সোনার দাম সবশেষ সমন্বয় করে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়। এ নিয়ে দেশের বাজারে চলতি বছর এ পর্যন্ত ৪৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয় ২৬ বার; কমানো হয় ২১ বার।