এশিয়ান আরচ্যারিতে ফের স্বর্ণ জিতল বাংলাদেশ বাংলাদেশ ফুটবল দল গতকাল (বৃহস্পতিবার) ভিয়েতনামের বিপক্ষে জিততে পারেনি। আজ (শুক্রবার) সকালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান আরচ্যারি টুর্নামেন্টে ভিয়েতনামকে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে হারিয়ে বাংলাদেশ স্বর্ণ জিতেছে।
গত বছর এই টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আরচ্যার আব্দুর রহমান আলিফ। বিজ্ঞাপন বাংলাদেশ এবার অনেক প্রত্যাশা নিয়ে গেলেও একক, মিশ্র কোনো ইভেন্টেই সেমিফাইনালে খেলতে পারেনি। একমাত্র কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে গত পরশু ফাইনালে উঠেছিল তারা। আজ অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের তিন কম্পাউন্ড আরচ্যার হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য ভালো পারফর্ম করেছেন। বাংলাদেশি আরচ্যারদের স্কোর ২৩১ পয়েন্ট, বিপরীতে ভিয়েতনামের আরচ্যাররা করেন ২২৫। ৬ পয়েন্ট বেশি থাকায় বাংলাদেশ ফাইনালে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশের আরচ্যারিতে বড় সাফল্যগুলোর অধিকাংশ ছিল রিকার্ভে। এখন কম্পাউন্ড বিভাগেও ফেডারেশন গুরুত্ব দিয়েছে। এর ফলস্বরূপ কম্পাউন্ডেও এবার স্বর্ণ এসেছে। বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন ও এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল পৃথকভাবে পদকজয়ীদের আর্থিকভাবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন।