দীর্ঘ কয়েক সপ্তাহের চরম উত্তেজনা এবং যুদ্ধের আশঙ্কার পর অবশেষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বরফ গলার আভাস পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের একটি ‘সম্পূর্ণ ও স্থায়ী সমাধানের’ লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার প্রতি সদিচ্ছা প্রকাশ করতে তিনি ইরানের জ্বালানি অবকাঠামোতে পূর্বনির্ধারিত সমস্ত সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ সব বড়হাতের অক্ষরে দেওয়া একটি পোস্টে এই চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেন।
তিনি লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গত দুই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আমাদের শত্রুতার অবসান ঘটানোর বিষয়ে অত্যন্ত গভীর ও গঠনমূলক আলোচনা হয়েছে। এই আলোচনার সাফল্যের ওপর ভিত্তি করে আমি প্রতিরক্ষা বিভাগকে আগামী ৫ দিন কোনো সামরিক হামলা না চালানোর নির্দেশ দিয়েছি।’
ইরান সংকটের পূর্ণাঙ্গ সমাধানের পথ খুলেছে, জানালেন ট্রাম্পইরান সংকটের পূর্ণাঙ্গ সমাধানের পথ খুলেছে, জানালেন ট্রাম্প এই আকস্মিক নমনীয়তার কারণ কী? গত সপ্তাহান্তে যেখানে দুই পক্ষই একে অপরকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছিল, সেখানে ট্রাম্পের এই সুর পরিবর্তন বিশ্ববাসীকে অবাক করেছে। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কী এমন প্রস্তাব ইরান দিয়েছে যার ফলে ট্রাম্প তাঁর অবস্থান থেকে সরে এলেন।