‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিল সংশোধিত আকারে পাস হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদকক্ষ ত্যাগ করেন। ওয়াকআউটের আগে শফিকুর রহমান বলেন, ‘আজ আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি।’
এর আগে মাগরিবের বিরতির আগে বিলটি নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ কমিটি অধ্যাদেশটি হুবহু অনুমোদনের সুপারিশ করলেও সরকারের নিয়ন্ত্রণ বাড়ে, এমন তিনটি সংশোধনী এনে বিলটি পাস করা হয়। এ নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রতিবাদ জানালে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। বক্তব্য দেওয়ার সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অতীতের সংসদ ও বর্তমান সংসদের তুলনা করেন। অতীতের তুলনায় বর্তমান সংসদকে সুশৃঙ্খল, প্রাণবন্ত ও কার্যকর বলেও অভিহিত করেন। স্পিকারের বক্তব্যের সময় কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাঁড়িয়ে হইচই করলে স্পিকার বলেন, ‘এত অসহিষ্ণু চলে চলবে না, মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার। দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। শুনতে হবে।’
স্পিকারের এই মন্তব্যের পর সংসদে জোরে চিৎকার-চেঁচামেচি শোনা যায়। এর মধ্যে স্পিকার কথা বলতে থাকেন। তিনি বলেন, ‘এখানে (সংসদে) মৌখিক কথা বলার স্কোপ খুবই কম। নোটিশ দেবেন। আমরা তা আমলে নেব।’ বিল পাসের পর নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংশোধনীর মাধ্যমে রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হয়েছে এবং ছলচাতুরীর মাধ্যমে বিলটি পাস করা হয়েছে। জবাবে আইনমন্ত্রী বলেন, সংশোধনী একজন বেসরকারি সদস্য এনেছেন, সরকার নয়; প্রয়োজনে ভবিষ্যতে বিলটি সংশোধন করা যেতে পারে।