মাঠ থেকে নয়, বরং সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েই অবসর নেওয়া একরম নিয়মে পরিণত করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদদের দেখানো পথ অনুসরণ করে কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রুবেল হোসেন। এবার রুবেলকে বিদায়ী সম্মাননা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ মিরপুরে সকাল ১১টায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচের আগে সদ্য অবসরে যাওয়া রুবেলকে সম্মাননা দেওয়া হবে বলে বিসিবি আজ ফেসবুকে এক পোস্টে জানিয়েছে।
বিসিবি লিখেছে, ‘বাংলাদেশ জাতীয় দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন রুবেল হোসেন। ১২ বছর ক্রিকেট খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৩ উইকেট নেওয়া রুবেলকে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের আগে শেরেবাংলা স্টেডিয়ামে সম্মাননা জানানো হবে। বাংলাদেশ ক্রিকেটের একজন সত্যিকারের নিবেদিত যোদ্ধার এই সম্মান প্রাপ্য।’
রুবেলকে নিয়ে ফেসবুকে যে ফটোকার্ড বিসিবি বানিয়েছে, সেখানে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, শেষ ম্যাচ, উইকেট সংখ্যা সবই উল্লেখ করা হয়েছে। ১৯৩ উইকেটের মধ্যে টেস্টে পেয়েছেন ৩৬ উইকেট। ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৯ ও ২৮ উইকেট নিয়েছেন তিনি। ফটোকার্ডে একেবারে নিচের দিকে লেখা, ‘একেবারে দিবানে।’