মোস্তফা স্পোর্টস একাডেমীর উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বিজয়ী দলের অধিনায়ক নূর মোহাম্মদের হাতে ২৪ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এসময় মোস্তফা স্পোর্টস একাডেমীর প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা এবং মোস্তফা মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক মেহেদী হাসান সম্রাট ও সদস্য সচীব শেখ রাসেল বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে টিকুরী একাদশ খোদ কালিহরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার তুরে দেওয়ার সময় বক্তারা বলেন, ‘সুন্দর ও সুস্থ জীবন গঠনে এবং প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জয়-পরাজয় প্রতিযোগিতার পথ ধরেই সৃষ্টি হয় এবং প্রতিযোগিতার ফলে খেলার মান উন্নত হয়।’
বক্তারা আরও বলেন, ‘যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশ, মাদকাসক্তি প্রতিরোধ এবং নৈতিক চরিত্র গঠনের জন্য খেলাধুলার প্রতি বিশেষ জোর দিতে হবে। খেলাধুলা তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করে এবং তাদের সুশৃঙ্খল ও ইতিবাচক মানুষ হিসেবে গড়ে তুলতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।’