ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা ইউনিট পুনরায় চালু হয়েছে। ফলে এখন দুই ইউনিট থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
আজ সোমবার রাত পৌনে ৮টা থেকে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হতে থাকে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও আদানির দায়িত্বশীল সূত্র জানায়, ২২ এপ্রিল হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এ ঘটনার সময় ইউনিটটির একটি বিয়ারিং থেকে অস্বাভাবিক শব্দ শোনা যায়। কেন্দ্রের প্রকৌশলীরা সতর্কসংকেত পেয়ে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ইউনিটটির উৎপাদন বন্ধ করে দেন। পরে ত্রুটি শনাক্ত করে প্রয়োজনীয় মেরামতকাজ সম্পন্ন করা হয়। এই যান্ত্রিক ত্রুটির কারণে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, ওই দিন দুই ইউনিট মিলিয়ে সর্বোচ্চ ১ হাজার ৪৯৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছিল। কিন্তু বেলা ২টার দিকে উৎপাদন এক ধাক্কায় কমে প্রায় সাড়ে ৭০০ মেগাওয়াটে নেমে আসে, যা গ্রিডে চাপ তৈরি করে। ১১ দিনের মাথায় ফের বন্ধ আদানির একটি ইউনিট, লোডশেডিং বাড়ার শঙ্কা১১ দিনের মাথায় ফের বন্ধ আদানির একটি ইউনিট, লোডশেডিং বাড়ার শঙ্কা এদিকে টানা দুদিনের ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে থাকায় সারা দেশে লোডশেডিংও কিছুটা কমে এসেছে। আজ সন্ধ্যা ৬টার দিকে ৫৯ থেকে ৬৪ মেগাওয়াটের লোডশেডিং ছিল। দিনের বেলায় লোডশেডিং ছিল শূন্য।
ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে মোট ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। আমদানি করা বিদ্যুৎ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয়। ২০২৩ সালের মার্চে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। একই বছরের জুনে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যুক্ত হয়।