লাঞ্চের পরই ভেঙে পড়ল শ্রীলঙ্কার যাবতীয় প্রতিরোধ। গলে প্রথম টেস্টে ১৬৫ রানে জয় পেল ভারত। নেপথ্যে মানব সুথারের ঘূর্ণি। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের পর দ্বীপরাষ্ট্রেও অনবদ্য বোলিং তরুণ অলরাউন্ডারের। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুললেন মানব।
লাঞ্চের আগে পর্যন্ত একা লড়ে গিয়েছিলেন সোনাল দিনুশা। কিন্তু সেই মানবের হাতেই বন্দি হলেন। এই টেস্ট জয়ের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে এখনও ভেসে রইলেন শুভমান গিলরা। প্রথম ইনিংসে ভারতের ৪৬২ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে গিয়েছে ২৮৪ রানে। তৃতীয় দিনের শেষে ১৭৮ রানের লিড থাকলেও বৃষ্টির জন্য আর মাঠে নামতে পারেনি ভারত।
তবে দ্বিতীয় ইনিংসে শুভমান গিলরা বড় রান করতে পারেননি। ১৯৩ রানে অলআউট হয়ে গিয়েছে। যার মধ্যে একা পন্থেরই রান ৬৬। দেবদত্ত পাড়িক্কল ৪৪ ও কেএল রাহুল ৩৫ রান করেন। চতুর্থ দিনের শেষে ৩৭২ রানের বিরাট লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। লড়াইটা নিঃসন্দেহে অসম। ঘূর্ণি পিচে জাদেজা, সুথার বা কুলদীপ যাদবের স্পিনের হাত থেকে বাঁচা কার্যত অসম্ভব ছিল। চতুর্থ দিনের শেষে ৪ উইকেট হারিয়ে তাদের রান ছিল ৮৪। পঞ্চম দিনে তারা অলআউট হয়ে যায় ২০৬ রানে।